মূল লেখায় যান
রাইসুল সোহান
সব লেখা

বাংলাদেশের রকগাথা আজম খান

বই

কুমিল্লার সালদাহে পাকিস্তানি সেনাদের বাঙ্কার গুঁড়িয়ে দেওয়ার মিশনে এসেছেন অসীম সাহসী কয়েকজন মুক্তিযোদ্ধা। দলনেতার দায়িত্বে স্বয়ং আজম খান। তবে প্রস্তুতির তুলনায় তাঁদের অস্ত্রশস্ত্র নিতান্তই অপ্রতুল—সম্বল বলতে কেবল কয়েকটি পিস্তল, একটি অটো-মেশিনগান আর চারটি হ্যান্ড গ্রেনেড! বাঙ্কারের কাছাকাছি পৌঁছে তাঁরা বুঝতে পারলেন, এটি সাধারণ কোনো বাঙ্কার নয়; রীতিমতো ভারী মেশিনগানে সুসজ্জিত ছোটখাটো এক দুর্ভেদ্য দুর্গ। সামান্যতম ভুল হলেই অবধারিত মৃত্যু। তবে আশার কথা হলো, পাকিস্তানি সেনারা তখন নিশ্চিন্তে খাওয়া-দাওয়ায় মশগুল। যা করার, এই সুযোগেই করতে হবে।

দলনেতা আজম খান কড়া নির্দেশ দিলেন, তিনি গুলি না ছোঁড়া পর্যন্ত কেউ যেন আক্রমণে না যায়। অপেক্ষা করতে করতে এই ক্ষ্যাপাটে শিল্পীর মাথায় কী অদ্ভুত খেয়াল চাপল কে জানে! অটো-মেশিনগান নিয়ে ঝাঁপিয়ে পড়ার ঠিক আগমুহূর্তে তিনি গেয়ে উঠলেন—“অ্যায়সা মওকা ফির কাহাঁ মিলেগা…” পাকিস্তানি সেনারা কিছু বুঝে ওঠার আগেই তাঁর গর্জে ওঠা গুলির মুখে চিরতরে নিস্তব্ধ হয়ে গেল ছয়জন।

মুক্তিযুদ্ধে আজম খান এমন প্রায় ৩০টিরও বেশি সম্মুখসমরে অংশগ্রহণ করেছেন। অথচ এই বীরত্বগাথাগুলো কখনোই সেভাবে কোনো বইয়ের পাতায় উঠে আসেনি। এমনকি উপরে বর্ণিত রোমাঞ্চকর ঘটনাটিও একমাত্র আখ্যান, যা মাকসুদ অনেক কষ্টে খোদ আজম খানের মুখ থেকে বের করে আনতে পেরেছিলেন। যুদ্ধের প্রসঙ্গ উঠলেই আজম খান চুপ হয়ে যেতেন, চোখ বুজে থাকতেন। হয়তো যুদ্ধের সেই ভয়াল স্মৃতি বা ট্রমা তিনি আর কখনোই মনে করতে চাইতেন না।

মাকসুদের লেখা এই বইয়ের আরেকটি অত্যন্ত চমৎকার ও তাত্ত্বিক অধ্যায় হলো—আজম খান কেন ‘পপ গুরু’ নন, তার নিখুঁত একাডেমিক ব্যাখ্যা। মিডিয়া তাঁকে ‘পপ গুরু’ তকমা দিয়ে তাঁর যে অকৃত্রিম ‘রক’ ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, তারও এক দারুণ ও যৌক্তিক বিশ্লেষণ তুলে ধরেছেন লেখক।

ছোট পরিসরে হলেও আজম খান সম্পর্কে এমন অনেক অজানা তথ্য এই বই থেকে জানা যায়, যা মাকসুদ না লিখলে হয়তো কোনোদিনই আমাদের জানা হতো না! যেমন: আজম খানের সেই বিখ্যাত চড়টি না খেলে হয়তো মাকসুদ জীবনে কোনোদিন বাংলা গানই করতেন না, আর আমরাও মাকসুদের কালজয়ী গানগুলো থেকে বঞ্চিত হতাম।

আজম খানকে নিয়ে বর্তমান সময়ের আমার অন্যতম প্রিয় গায়ক প্রবর রিপনের একটি চমৎকার মন্তব্য রয়েছে। তিনি বলেছিলেন, “বাংলায় সবচেয়ে বেশি হৃদয় দিয়ে গান গাওয়া গায়ক আজম খান।” এর একটি চাক্ষুষ (বা শ্রাব্য) প্রমাণ আমি এখনই আপনাদের দিতে পারি। বাংলায় অত্যন্ত বিখ্যাত একটি গানের অ্যালবাম হচ্ছে “দাগ থেকে যায়”। সেই অ্যালবামে আজম খানের একটি গান রয়েছে—“দূরে আছি এই ভালো”। গানটি শোনার সময় ঠিক ১ মিনিট ৫০ সেকেন্ডে আজম খান কণ্ঠের যে জাদু দেখিয়েছেন, তা যেকোনো সংবেদনশীল শ্রোতাকেই গভীরভাবে নাড়া দিয়ে যাবে।

আজম খানের চারপাশে যাঁরা ছিলেন এবং তাঁকে খুব কাছ থেকে দেখেছেন, তাঁদের উচিত তাঁকে নিয়ে এমন আরও বই লেখা। সেই অস্থির সময়ে চারপাশের যাবতীয় সমালোচনার চাদর গায়ে জড়িয়ে আজম খান যদি এগিয়ে না আসতেন, তবে বাংলাদেশে ব্যান্ড মিউজিকের এই বর্ণিল যাত্রা শুরু হতো কীভাবে?

অন্যদেরও পড়তে দিন

English