মুরুব্বিরা বলত, দাফন সেরে মানুষজন ফিরে গেলে মরা মানুষ তাদের জুতার শব্দ শোনে। কথা সত্য, তবে পুরা না। জুতা এই গাঁয়ে কয়জনের পায়ে থাকে? আমি শুনেছিলাম খালি পায়ের শব্দ, শ্রাবণের ভেজা মাটিতে, এক জোড়া এক জোড়া করে দূরে যাচ্ছে। খালি পায়ের শব্দ চেনা সোজা। জুতার শব্দ সব এক রকম, মানুষের পাতা এক এক জনের এক এক রকম।
সবার আগে গেল করিম চাচা, গোড়ালিতে ভর দিয়ে ফেলা তার ভারী পা, ধুপ ধুপ। তার পিছে গেল মামুদ, যে জীবনে কোনোদিন আস্তে হাঁটেনি। তারপর বাকিরা, দুই জন তিন জন করে, কারো কারো পা কাদায় পিছলে যাচ্ছিল। শেষে থাকল রশিদ। রশিদের সঙ্গে আমি বারো বছর ভাটিতে ধান কাটতে গেছি, তার পা আমি অন্ধকারে হাজার পায়ের ভিড়ে আলাদা করতে পারি। সে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল। দাঁড়ানোরও শব্দ আছে; পায়ের নিচে মাটি যেভাবে চুপ করে চাপ সয়, সেই ভাবে আমি তার দাঁড়ানো শুনছিলাম। তারপর সে-ও গেল, এবং তার যাওয়ার শব্দ ফুরানোর পরও আমি কিছুক্ষণ শুনলাম, যেখানে শব্দ শেষ হয় তার পরের চুপ।
কীসে মরলাম, সে গল্প ছোট, বলার মতো না। সেবার ভাটি থেকে ফিরেছিলাম গায়ে কাঁপুনি নিয়ে, কাঁপুনি আর নামেনি। মরার গল্পের চেয়ে শোনার গল্প লম্বা। আমি সেইটাই বলি।
চোখের কাজ সবার আগে শেষ হয়। মাটির নিচে অন্ধকার বলে কিছু নাই, অন্ধকার থাকতে হলে আলোর কথা মনে থাকা লাগে, সে-ও একদিন যায়। নাক গেল তার পরে। থাকল কান। মাটি শব্দ টানে ভালো, বাতাসের চেয়ে ভালো, এই কথা জীবিত মানুষ জানে না। যে শব্দ মাটি ছোঁয়, সে শব্দ আমার: পায়ের শব্দ, বৃষ্টির শব্দ, খুরের শব্দ, নিড়ানির শব্দ, শিকড় ছেঁড়ার শব্দ। যে শব্দ মাটি ছোঁয় না, বাতাসে বাতাসে ঘুরে ফুরিয়ে যায়, সে শব্দ আমার না। হাওয়ার ডাক আমি আর পাই না; হাওয়া টের পাই তখন, যখন ডাল ভাঙে, শুকনা পাতা নামে। উঁচা গলার কান্না আমার কাছে পৌঁছায় না; যে কথা মানুষ মাটির কাছে মুখ নামিয়ে বলে, সেই কথা পৌঁছায়। এসব আমি শুয়ে শুয়ে শিখেছি।
আর শিখেছি, মানুষ বসে শিথানের দিকে। পায়ের দিকে কেউ বসে না। যার যত কথা, যত দোয়া, যত চুপ, সব এসে নামে আমার মাথার দিকের মাটিতে। শিথানের মাটি সবার আগে শব্দ পায়।
পাশের কবরে এক বুড়া আছে। কতদিনের, জানি না। প্রথম রাতে সে জিজ্ঞেস করল, কেডা রে?
আমি নাম বললাম। সে অনেকক্ষণ চুপ থেকে বলল, কোন মজিদ?
আমি বাপের নাম বললাম, দাদার নাম বললাম। সে বলল, চিনলাম না। ঘুমা।
মাটির নিচে ঘুম নাই, তবু এই কথার মানে পরে বুঝেছি। চুপ করে থাকার নাম এখানে ঘুম। বুড়া বেশি কথা বলে না, বললে ছোট ছোট কথা বলে, আর তার সব কথাই এমন, যেন বহুবার বলা হয়ে গেছে, বলতে বলতে ক্ষয়ে গেছে।
প্রথম চল্লিশ দিন রোজ কেউ না কেউ এল। মিলাদের গলার গুনগুন মাটিতে নামত, নিচু হয়ে বসা মানুষের দোয়া নামত, আগরবাতির কাঠি পোঁতার খচ শব্দ নামত। শুক্রবারে বেশি, অন্য দিনে কম। আমি তখনো ভাবতাম, এই ভিড় আমার প্রাপ্য, এই ভিড় থাকবে।
বুড়া একদিন বলল, পয়লা বচ্ছর রোজ আহে। বাদে শুক্কুরবারে আহে। বাদে ঈদে আহে, বরাতের রাইতে আহে। বাদে আহে না।
আমি বললাম, আমারটা অন্য রকম হবে।
বুড়া আর কথা বলল না। মাটির নিচে তর্ক চলে না; সময় সব তর্কের রায় একাই দিয়ে দেয়, কাউকে জিজ্ঞেস করে না।
জহুরা প্রথম এল তেরো দিনের দিন, বিকালের দিকে, টুনিকে সঙ্গে নিয়ে। তার পায়ের শব্দ আমি চিনি সেই কবে থেকে, বিয়ের আগে থেকে। মামাবাড়ির বেড়ার পাশ দিয়ে ঘাটের পথ ছিল, সেই পথে সে কলসি নিয়ে যেত। ভরা কলসির পা আর খালি কলসির পা এক না; খালি কলসিতে পা পড়ে যেমন খুশি, ভরা কলসিতে পা পড়ে মেপে মেপে, কোমরের উপর পানির ওজন সামলে, প্রতিটা পা যেন আগে মাটিকে জিজ্ঞেস করে নেয়। আমি বেড়ার এই পাশে বসে সেই মাপা শব্দ শুনতাম। মুখ দেখার আগে আমি একটা মেয়েকে পায়ের শব্দে চিনেছিলাম, এই কথা জহুরাকে কোনোদিন বলা হয়নি। বলব বলব করে বলা হয়নি, এই রকম আরো কথা আছে, সেগুলার হিসাব পরে দিব।
সে শিথানের দিকে বসল। মেয়েরা কবরের কাছে বসলে কাপড়ের একটা শব্দ হয়, আঁচল টানার, হাঁটুর নিচে শাড়ি গোঁজার। তারপর অনেকক্ষণ চুপ। কাঁদল কি না জানি না; যে কান্না গলার উপরে থাকে, সে কান্না আমার কাছে আসে না, আর জহুরার কান্না চিরকাল গলার উপরেই থাকত, চোখ পর্যন্তও নামত না।
তারপর সে একটা ঘাস ছিঁড়ল।
শিকড় ছেঁড়ার শব্দ আমি সেই প্রথম শুনলাম। সরু, ছোট, ভেজা শব্দ, যেন মাটি নিজের ভিতর থেকে সুতা ছাড়ছে অনিচ্ছায়। নতুন কবরের আলগা মাটিতে ঘাস তাড়াতাড়ি ধরে। সে নিড়াতে লাগল, এক টানে দুই টানে, গোছায়ে, আর আমার মনে হলো ঘর নিকানো হচ্ছে, উঠান লেপা হচ্ছে, আমি সেই ঘরের মেঝের নিচে শুয়ে আছি।
যাওয়ার আগে সে মাটির কাছে মুখ নামাল। বলল, টুনির জ্বর ছাড়ছে। ঘরের পিছের চালে এক জাগায় ফুটা, রশিদ ভাইয়ে কইছে ছন আইনা দিব।
ব্যস, এই দুই কথা। জহুরা বেশি কথার মানুষ কোনোদিন ছিল না। বেঁচে থাকতে ভাবতাম, তার চুপ মানে সংসারে মন বসেছে। মরার পরে ভাবি, চুপের মানে আমি কোনোদিন জিজ্ঞেস করিনি। চুপ একটা ঘরের মতো, বাইরে থেকে দেখা যায়, ভিতরে কী আছে দেখতে হলে দরজা লাগে, আর দরজার কথা আমার মনে হয়েছে দরজা বন্ধ হওয়ার পরে।
টুনি আসত মায়ের সঙ্গে। তার পায়ের শব্দ তখন এত হালকা যে আলাদা করে শোনা যেত না, বৃষ্টির প্রথম দুই এক ফোঁটার মতো, পড়ল কি পড়ল না। সে কবরের চারপাশে ঘুরত আর একা একা কথা বলত। ছোট মানুষ মরা বোঝে না; সে ভাবত আমি নিচে একটা ঘরে থাকি, ঘরের দরজা খুঁজে পাওয়া যাচ্ছে না, এই যা। সে ডাকত, বাজান, ও বাজান, আর আমি সাড়া দেওয়ার জন্য গলা খুঁজতাম, যে গলা মাটির উপরে ওঠে না।
বছর আমি মাপতাম টুনির পায়ের ভার দিয়ে। এক বর্ষায় তার পা ফোঁটার মতো, পরের বর্ষায় শালিকের লাফের মতো, তার পরের বর্ষায় পায়ে ছন্দ এল, মেয়েরা যেমন পাড়ার পথে খেলতে খেলতে হাঁটে। মানুষের বেড়ে ওঠা আমি চোখে দেখিনি, কানে শুনেছি। এইভাবে দেখা যায়, কেউ বিশ্বাস করবে না, তবু বলি, ওজন দিয়ে মানুষ চেনা যায়, বাড়ন্ত চেনা যায়, মন খারাপ পর্যন্ত চেনা যায়; মন খারাপ হলে মানুষের পা মাটিতে বেশিক্ষণ থাকে।
আর বৃষ্টি দিয়ে চিনতাম মাটিকে। প্রথম বর্ষায় নতুন আলগা মাটিতে বৃষ্টি পড়ল ঢোলের মতো, ফোঁটায় ফোঁটায় আলাদা আওয়াজ, আর পানি নেমে এল শিথান পর্যন্ত, ঠান্ডা, ধীর, যেন কেউ খোঁজ নিতে এসেছে। দ্বিতীয় বর্ষায় মাটি বসে গেল, শব্দ হলো চাপা, দূরের ঢেঁকির মতো। তৃতীয় বর্ষায় উপরে ঘাস গাঢ় হলো, বৃষ্টি তখন শুধু ফিসফিস। বছরের হিসাব আমি এইভাবে রেখেছি। ঢোল, চাপা, ফিসফিস। তারপর খালি ফিসফিস, ফিসফিস, আর আমি গোনা ছেড়ে দিয়েছি।
শোনার আরেকটা ঘড়ি ছিল, বছরে এক রাতের। শবে বরাতের রাতে গোরস্থান ভরে যায়। সন্ধ্যা থেকে পা আসতে থাকে, জোড়ায় জোড়ায়, দলে দলে, আগরবাতির কাঠি পোঁতার খচখচ, মোমের গোড়া বসানোর চাপ, নিচু গলার দোয়ায় মাটি গুনগুন করে। মরা মানুষের ঈদ ওই এক রাত। আমি সারা রাত ভিড়ের ভিতর দুই জোড়া পা খুঁজতাম। প্রথম বরাতে দুই জোড়াই পেলাম, শিথানের কাছে অনেকক্ষণ। পরের বরাতে পেলাম, অল্পক্ষণ। তার পরের বরাতে এক জোড়া, হালকা, রুনরুন শব্দসহ; সেই রুনরুনের কথা পরে বলছি। তারও পরের বরাতে আমি সারা রাত শুনলাম, বহু পা এল, বহু পা গেল, চেনা দুই জোড়া এল না। সেই রাতে বুড়া তার ক্ষয়ে যাওয়া গলায় বলল, বরাতের রাইতে সগলে আহে না রে। যারা আহে না, হেগো লেইগাও মাডি জাইগা থাহে।
কথাটা সান্ত্বনার, না খোঁচার, আমি আজও ঠিক করতে পারিনি।
বেঁচে থাকতে বছরে দুই মাস আমি ভাটিতে যেতাম ধান কাটতে, রশিদের সঙ্গে, আরো দশ বারো জনের সঙ্গে। ফিরতাম কার্তিকের শেষে, রাত করে। উঠানে ঢোকার আগে আমি বেড়ার বাইরে দাঁড়াতাম। কেন দাঁড়াতাম জানি না; দাঁড়িয়ে শুনতাম। ঢেঁকির শব্দ, কুলার ঝাড়ার শব্দ, টুনির ঘুমের কাশি, জহুরার আঁচলে হাত মোছার শব্দ পর্যন্ত আমি বাইরে থেকে ধরতে পারতাম। শুনে যখন বুঝতাম সব ঠিক আছে, তখন ডাক দিতাম, ও টুনির মা। আগে শুনতাম, পরে ঢুকতাম। এখন শুয়ে শুয়ে মনে হয়, আমার পুরা জীবনই ওই রকম ছিল। ভিতরের মানুষ আমি কোনোদিন হইনি, বেড়ার বাইরে দাঁড়ানো মানুষ ছিলাম। মরণ খালি দাঁড়ানোকে শোয়া করে দিয়েছে, আর বেড়াকে করেছে মাটি।
একটা শব্দ আমি জীবিত থাকতেই জমা করে রেখেছিলাম, এখন সেটা সুদে আসলে বাড়ছে। এক অঘ্রাণের দুপুরে, ধান উঠানোর মৌসুমে, আমি অসময়ে বাড়ি ফিরছিলাম, আর বেড়ার ওই পাশ থেকে জহুরার হাসি শুনলাম। খোলা হাসি, গড়িয়ে পড়া হাসি, যে হাসিতে মানুষ চোখ বুজে ফেলে। আমার সামনে সে ওই রকম করে হাসেনি কোনোদিন; আমার সামনে তার হাসি ছিল মাপা, ভরা কলসির পায়ের মতো। কার সঙ্গে হাসছিল আমি দেখিনি। উঠানে ঢুকে দেখি তার সই বসা, পাশের বাড়ির আরো দুই জন বসা, পান কাটা হচ্ছে। আমি কিছু জিজ্ঞেস করিনি। জিজ্ঞেস করার মতো কিছু ছিলও না। বেঁচে থাকতে ঠিক করে নিয়েছিলাম, সইয়ের কোনো কথায় হেসেছে। মরার পরে শব্দটা ঘুরে ঘুরে আসে, আর প্রতিবার হাসির ওই পাশের মানুষ বদলে যায়। মাটির নিচে শব্দের মালিকানা বলে কিছু থাকে না; যে শব্দের মালিক ঠিক করা যায় না, সে শব্দ যার খুশি তার হয়ে যায়।
মায়ের পা আসত শুরুর দিকে, লাঠিসহ, তিন শব্দের পা, ঠক ধুপ ধুপ। সে শিথানে বসে সুরা পড়ত, তার গলা কাঁপত, কাঁপা গলা মাটিতে ভালো নামে। তারপর এক শীতে লাঠির শব্দ আর এল না। তার কিছুদিন পরে গোরস্থানের ওই মাথায় মাটি কাটার শব্দ পেলাম, কোপে কোপে, আধা বেলা ধরে। কার জন্য, কেউ আমাকে বলেনি; মরা মানুষকে কেউ খবর দেয় না, খবর আমাদের বানিয়ে নিতে হয়। আমি খালি হিসাব করলাম, সেই দিনের পর থেকে কোন কোন পা আর আসে না। লাঠির পা-টা আর আসেনি। ওই মাথা থেকে এই মাথা, মাঝখানে বিশ হাত মাটি; মাটির নিচে বিশ হাত মানে বিশ ক্রোশ। ডেকে দেখিনি। কোনটা বেশি ভয়ের, সাড়া পাওয়া না না-পাওয়া, আমি ঠিক করতে পারিনি, আজও পারি না।
জহুরার আসা কমল বুড়ার বলা নিয়মেই, শুক্রবার থেকে ঈদে, ঈদ থেকে বরাতে। আসত, নিড়াত, দুই একটা খবর দিত। ধান এইবার ভালা। টুনি পড়া শিখতাছে, ছলাত ছলাত কইরা রিডিং পড়ে। চালের ফুটা সারানো অইছে। খবরগুলা ছোট, তবু আমি সেগুলা দিয়ে দিন চালাতাম, যেমন গরিব মানুষ অল্প চালে মাড় বেশি দিয়ে ভাত বাড়ায়।
তারপর এক শীতের সকালে পথ দিয়ে দুই জোড়া পা গেল।
গোরস্থানের গা ঘেঁষে হাটের পথ, সেই পথের শব্দ আমার রোজকার। এক জোড়া পা জহুরার, সেটা বুঝতে আমার এক পা লাগে। আরেক জোড়া অচেনা। এই গাঁয়ের সব পা আমি চিনি; কোনটা কার, কার হাঁটুতে ব্যথা, কে কাদায় সাবধান, সব। অচেনা পা মানে বাইরের মানুষ। পুরুষের পা, ভারে বোঝা যায়। আর দুই জোড়া পা পড়ছিল তালে তালে, ধুপ ধুপ, ধুপ ধুপ, এক নিঃশ্বাসে।
অচেনা মানুষ পাশাপাশি হাঁটলে তাল মেলে না, ঠোকর খায়, একজন আগায় আরেকজন পিছায়। এদের তাল মিলছিল। এই কথা যেমন সত্য, তেমনি এ-ও সত্য, সরু আইলপথে দুইজন হাঁটলে তাল আপনা থেকেই মিলে যায়, না মিলিয়ে উপায় থাকে না, নইলে একজনকে নামতে হয় কাদায়। দুই কথাই ঠিক। আমি সেই সকাল থেকে দুই কথাকেই পালা করে বিশ্বাস করি, একদিন এইটা, একদিন ওইটা, আর কোনো দিনই আরাম পাই না।
তার মাস কয়েক পরে টুনি এল, আর তার পায়ে নতুন শব্দ। রুনরুন। পায়েল।
আমি তাকে পায়েল দিইনি; দেওয়ার মুরাদ আমার হয়নি, ইচ্ছা যে হয়নি তা না। কে দিল। নানি দিতে পারে, মামারা দিতে পারে, ধানের টাকা জমিয়ে জহুরা নিজেও পারে। আবার অন্য কেউও পারে। টুনি সেদিন কবরের চারপাশে ঘুরে ঘুরে কথা বলছিল, তার গলা কাছে আসে, দূরে যায়, ঢেউয়ের মতো, আমি পাই আধা, হারাই আধা। মেলাত্তন কিনা দিছে, এইটুক পেলাম। বাজানে কইছে, এইটুক পেলাম।
কোন বাজান। আমি তো কিছু বলিনি।
শব্দটা সেই থেকে আমার শিথানের উপর বসে আছে। বাজান। নিজের ডাকনাম নিজের কাছ থেকে সরে গিয়ে আরেকজনের গায়ে বসতে চায়, আমি টেনে রাখি, রোজ টেনে রাখি, আর টানতে টানতে টের পাই, শব্দের গায়ে হাত দেওয়া যায় না, শব্দ ধরা যায় খালি কানে, আর কান কিছু আটকাতে জানে না, সে খালি ঢুকতে দেয়।
জহুরা তখনো আসত, কমে কমে, তবু আসত। এক বিকালে সে নিড়াচ্ছিল, অন্যদিনের মতো না, তাড়াতাড়ি, শিকড় ছিঁড়ছিল ঘনঘন, গোছানো নাই, মাপ নাই, যেন কাজ সারতে পারলে বাঁচে। আর তখন পথের দিক থেকে ডাক এল, “বেলা যায়।”
পুরুষের গলা। মোটা না, চিকন না, রাগের না, আদরের না; ডাকার গলা, যে ডাকে অভ্যাস আছে। গলা মাটি ছুঁয়ে এসেছিল, নইলে আমি পেতাম না; মানুষটা হয়তো উবু হয়ে বসে ছিল পথের ধারে, হয়তো চপ্পলের ফিতা ঠিক করছিল, হয়তো এমনি বসে ছিল, হাঁটুর উপর হাত রেখে, যেভাবে মানুষ অপেক্ষা করে।
জহুরার নিড়ানি থামল। এক পলক, দুই পলক। তারপর সে উঠল, কাপড় ঝাড়ল, আর চলে গেল। দুই জোড়া পা দূরে যেতে লাগল, এক জোড়া খালি, এক জোড়া চপ্পলের। চপ্পলের শব্দ চটাস চটাস, খালি পায়ের মতো লুকাতে জানে না, প্রতিটা পায়ে সে নিজের কথা নিজে ঢোল পিটিয়ে বলে। আমি শুনলাম, যতদূর যায়। তারপর সেই চুপও শুনলাম, যেটা শব্দ ফুরালে পড়ে থাকে।
মানুষটার কাশিও আমি একবার পেয়েছি, পথ থেকে, খুক খুক, দুই দানা, বিড়ির কাশি। এই নিয়ে আমার মূলধন তিনটা। চপ্পল, কাশি, আর ওই দুই শব্দের ডাক। তিনটা শব্দ দিয়ে আমি একটা আস্ত মানুষ বানাতে লাগলাম। চপ্পল মানে হাতে পয়সা আছে, খালি পায়ের সংসারে চপ্পল আসে সবার শেষে। কাশি মানে বিড়ি, বিড়ি মানে হাটে ওঠাবসা আছে, দোকানের বেঞ্চিতে জায়গা আছে। আর বেলা যায় মানে, যে মানুষ কবরের বেড়া পর্যন্ত আসে, ভিতরে ঢোকে না, সে হয় ভয় পায়, নয় লজ্জা পায়। ভয় পেলে এক রকম মানুষ, লজ্জা পেলে আরেক রকম। আমি দুই রকমই বানালাম। বানাই, শুনি, ভাঙি, আবার বানাই। মাটির নিচে আর যা কিছুর টানাটানি থাক, সময়ের অভাব নাই।
কোনো কোনো রাতে আমি তাকে ভালো মানুষ বানাই। বিধবার চাল ফুটা হয়, ধান ভিজে যায়, মেয়ের গায়ে জামা লাগে, স্কুলের বেতন লাগে; একটা মানুষ আসে, চাল ছায়, ধান তোলে, পায়েল কিনে দেয়; এতে দোষের কী। আমি নিজেই তো কিছু রেখে যাইনি, এক ভিটা আর এক কাঁপুনি ছাড়া। এই রাতগুলাতে আমার আরাম হয় না, তবে শান্তি শান্তি লাগে, যেমন জ্বরের গায়ে ভেজা গামছা।
আর কোনো কোনো রাতে বেড়ার ওই পাশের হাসি ফিরে আসে। অঘ্রাণের দুপুরের সেই খোলা হাসি। আর আমার মনে হয়, চপ্পলের মানুষটা নতুন না। মনে হয়, সে আগেও ছিল, আমি ভাটিতে ধান কাটতাম আর সে ছিল, আমি বেড়ার বাইরে দাঁড়িয়ে শুনতাম আর ভাবতাম সব ঠিক আছে, আর ভিতরে সব ঠিকই ছিল, খালি ঠিক আমার ছিল না। এই রাতগুলাতে আমি জহুরার পুরানা চুপগুলা একটা একটা করে খুলে দেখি, আর প্রত্যেকটার ভিতরে একটা করে মানুষ বসা পাই। কার মুখ, দেখা যায় না। মাটির নিচে মুখ বলে কিছু নাই।
দুইটার কোনোটাই আমি প্রমাণ করতে পারি না।
বুড়াকে একদিন বললাম সব। বুড়া অনেকক্ষণ চুপ করে থেকে বলল, হুইনা কী করবি। মাডির তলে কানের কাম হুনন, বুঝনের কাম না।
আমি বললাম, না বুঝে শুনি কেমনে।
বুড়া বলল, আমরা হুনি, হেরা কয়। ভাগ কইরা দেওয়া আছে। তুই বেশি চাস।
বেশি চাওয়ার অভ্যাস আমার জীবনেও ছিল না, মরণে এসে হলো, এই কথা বুড়াকে বলিনি। বলে লাভ নাই। বুড়ার সব উত্তর আগে থেকে বানানো, ক্ষয়ে যাওয়া, মসৃণ; আমার প্রশ্নগুলা নতুন, ধারালো, হাতে বিঁধে।
তারপর জহুরার পা আসা বন্ধ হলো। রাগে না অভিমানে না সংসারের টানে না শরীরের দোষে, জানার পথ নাই। ঈদের সকালে, বরাতের রাতে আমি ভিড়ের ভিতর খুঁজতাম। বহু পা, বহু রকম পা, আমার দুই জোড়া নাই। টুনির রুনরুন আরো কিছুদিন এল, একলা, মায়ের পা ছাড়া; সে বড় হচ্ছিল, তার কথা কমছিল, কবরের চারপাশে ঘোরাও কমছিল; একদিন খেয়াল করলাম পায়েলের শব্দ নাই, খালি পা, আর সেই খালি পা-ও আর ছোট মানুষের পা না। মেয়েদের পা একদিন হঠাৎ মেয়েমানুষের পা হয়ে যায়, মাঝখানের দিনগুলা কই যায় কেউ জানে না।
শেষবার সে এল এক দুপুরে, সঙ্গে কয়েকজন মেয়েমানুষের পা। সে শিথানে বসল, অনেকক্ষণ, আর তার কান্না এইবার মাটি পর্যন্ত নামল। নিচু, চাপা, ভিতরে ভাঙা। বাজান, এইটুক পেলাম। আমি, এইটুক পেলাম। বাকি কথা উপরে থেকে গেল, বাতাসে, যেখানে আমার অধিকার নাই। কী বলতে চেয়েছিল, আমি জানি না। বিয়ার আগে মেয়েরা বাপের কবরে আসে, এই নিয়ম আমি জানতাম। সেই দুপুরের পরে তার পা আর আসেনি। ভাটির দিকে বিয়া হলে আসা কঠিন, নাও ভাড়া লাগে, অনুমতি লাগে, আমি জানি, আমি সব জানি, জেনে জেনেই তো একেকটা না-আসাকে আমি ব্যাখ্যা দিয়ে ঢেকে রাখি, যাতে ঠান্ডা না লাগে।
তারপর পথই সরে গেল। কোন বছর জানি না, গাঙের ওই পাড় দিয়ে নাকি বড় রাস্তা হয়েছে, এই কথা দুইজন রাখাল গল্প করতে করতে যাচ্ছিল, তাদের গরুর খুরের ফাঁকে ফাঁকে আমি শুনলাম। হাটবারের ঢোল আস্তে আস্তে কমে গেল, স্কুলের ছেলেপুলের দৌড় কমে গেল, গোরস্থানের গা ঘেঁষা পথ ঘাসে ঢেকে গেল বোধহয়; ঘাসে ঢাকা পথের শব্দ আর খোলা পথের শব্দ এক না। আমার দুনিয়া ছোট হতে হতে বৃষ্টি, গরু, ঝিঁঝি আর বরাতের এক রাতে এসে ঠেকল।
বুড়াও কথা বলা ছেড়ে দিল। শেষ যেবার বলল, আমি জিজ্ঞেস করেছিলাম, তোমার কাছে কেউ আসে না?
আইত, বুড়া বলল। নাম ধইরা ডাকত। নামডা কেউ আর লয় না, হেই লেইগা নামডাও আর মনে নাই।
এরপর থেকে আমি রোজ নিজের নাম মনে মনে বলি। মজিদ। মজিদ। সঙ্গে আরো দুইটা নাম বলি, জহুরা, টুনি; যে নাম মুখে না নিলে হারিয়ে যায়, সেই নাম আমি মুখ ছাড়াই ধরে রাখি। বুড়াকে একদিন তার নাম জিজ্ঞেস করব ভেবেছিলাম, ভাবতে ভাবতে দেরি হয়ে গেল; এখন ডাকলে সে সাড়া দেয় না। মাটির নিচে চুপ হওয়ারও বয়স আছে, বুড়া সেই বয়সে ঢুকে গেছে। আমার এখনো দেরি আছে। কত দেরি, জানি না।
তারপর, কত বর্ষা পরে বলতে পারব না, ফিসফিসের হিসাব আমি আর রাখি না, এক দুপুরে শিথানের দিক থেকে লাঠির শব্দ এল। ঠক। সঙ্গে পা। ঠক, ধুপ ধুপ।
পা চিনতে আমার সময় লাগল, এই লজ্জা আমি কোথায় রাখি জানি না। বয়স মানুষের পায়ের শব্দ পাল্টে দেয়, ওজন সরিয়ে দেয় গোড়ালির দিকে, তাল ভেঙে দেয়। তবু পুরাটা পারে না। ভরা কলসির সেই মাপা ভঙ্গি, প্রতিটা পা ফেলার আগে মাটিকে জিজ্ঞেস করে নেওয়া, ওইটা রয়ে গেছে। কলসি নাই, কাঁখ খালি, তবু শরীর ভুলে নাই।
জহুরা শিথানে বসল, আস্তে, হাঁটু ভাঙার শব্দ হলো, দুইবারে বসল। অনেকক্ষণ কিছু বলল না। তার নিঃশ্বাস মাটিতে নামছিল, লম্বা লম্বা, ভারী। তারপর সে ঘাস ছিঁড়ল। একটাই। শিকড় ছেঁড়ার সেই সরু ভেজা শব্দ, এত বছর পরে, আর আমার মনে হলো কেউ পুরানা ঘরে ঢুকে অভ্যাসে একটা ঝুল ঝেড়ে ফেলল।
তারপর সে বলল, টুনির ঘরে মাইয়া অইছে। আটাশির বান্দের কাছে ঘর নিছে হেরা, ভালা আছে।
একটু চুপ। নিঃশ্বাস।
আমার পাও ধরছে, হাঁটবার পারি না। আর আমু কি না জানি না।
আরেকটু চুপ। এইবার লম্বা। এত লম্বা যে আমি ভাবলাম কথা শেষ, এখন উঠবে। সে উঠল না। সে মাটির আরো কাছে মুখ নামাল, আমি তার আঁচলের শব্দ পেলাম মাটিতে, আর সে বলল, তুমারে একখান কতা কোনোদিন কই নাই। অহন আর কইয়া কাম নাই।
তারপর সে উঠল, দুইবারে, লাঠিতে ভর দিয়ে। ঠক, ধুপ ধুপ। ঠক, ধুপ ধুপ। শব্দটা দূরে যেতে লাগল, আর আমি শুনতে লাগলাম, মুরুব্বিদের সেই কথার মতো, মরা মানুষ ফিরে যাওয়া মানুষের পায়ের শব্দ শোনে। আমি শেষ পর্যন্ত শুনলাম। শব্দ যেখানে ফুরাল, তার পরের চুপও শুনলাম, অনেকক্ষণ, যতক্ষণ চুপের ভিতরেও কিছু একটা থাকে ততক্ষণ।
কথাটা সে বলল না।
না-বলা কথার শব্দ হয় না। তবু ওইটাই এখন আমার শিথানের সবচেয়ে ভারী জিনিস, দোয়ার চেয়ে ভারী, মাটির চেয়ে ভারী। আমি ওটাকে বানাই আর ভাঙি, যেমন চপ্পলের মানুষকে বানাতাম আর ভাঙতাম। বর্ষায় এক রকম করে বুঝি, চৈতে আরেক রকম। কোনো কোনো রাতে মনে হয়, সেই কথা আমি জানি, জেনেই মরেছি, জানাই কাঁপুনি হয়ে গায়ে উঠেছিল। কোনো কোনো রাতে মনে হয়, কথাটা এমন কিছুই না, চালের ফুটার মতো, ধানের দরের মতো ছোট কথা, বলা হয়নি কারণ বলার মতো জরুরি ছিল না। দুইটার কোনটা সত্য, ঠিক করে দেওয়ার মানুষ মাটির উপরে আর নাই, মাটির নিচে কোনোদিন ছিল না।
সেদিন সন্ধ্যায় বৃষ্টি নামল। পুরানা কবরের ঘাসের উপর বৃষ্টি, দুনিয়ার সবচেয়ে নরম শব্দ। ফিসফিস। কী বলে, বোঝা যায় না। বোঝার কথাও না; বোঝা আমার কাজ না, বুড়া বলে গেছে। আমার কাজ শোনা।
আমি শুনি।
আমি