গত মৌসুমে লা লিগায় বার্সেলোনার রক্ষণভাগ ছিল রীতিমতো অবিশ্বাস্য। পুরো ৩৮ ম্যাচের লিগে তারা গোল হজম করেছিল মাত্র ৩৬টি, যা স্পেনের দ্বিতীয় সেরা ডিফেন্সিভ রেকর্ড। অথচ ওই একই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে বার্সার চিত্রটা ছিল একেবারেই উল্টো। ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে ১২টি ম্যাচ খেলে তারা একবারও নিজেদের জাল অক্ষত রাখতে পারেনি। একটা ম্যাচেও ক্লিন শিট নেই! ডিফেন্ডার একই, কোচ একই, মৌসুমও একই; শুধু বদলে গিয়েছিল প্রতিপক্ষ। আর ঠিক এই আকাশ-পাতাল ফারাকটা মেটানোর জন্যই ম্যানচেস্টার সিটি থেকে রদ্রিকে উড়িয়ে এনেছে বার্সেলোনা।
ট্রান্সফার ফি প্রায় ৬৫ মিলিয়ন পাউন্ড, যা বোনাসসহ গিয়ে ঠেকেছে ৭৬ মিলিয়ন ইউরোর কাছাকাছি। চার বছরের মেয়াদি চুক্তি। তবে তাকে এত বিশাল অঙ্কে দলে টানার আসল কারণটা শুনলে অনেকেই হয়তো চমকে যাবেন।
অফসাইড ট্র্যাপের পেছনের আসল বিজ্ঞান
বেশিরভাগ ফুটবল বিশ্লেষক মনে করছেন, বার্সেলোনার ‘হাই ডিফেন্সিভ লাইন’-এর পেছনে রদ্রি মূলত মজবুত ঢাল হয়ে দাঁড়াবেন। কিন্তু কৌশলগত বাস্তবতা আসলে একটু ভিন্ন। অফসাইড ট্র্যাপ কোনো নিরেট দেয়াল নয়। বরং অনেকটা জানালার মতো, যা নির্দিষ্ট সময়ে খোলে এবং বন্ধ হয়। এই জানালা ভাঙার কোনো প্রয়োজন পড়ে না, সঠিক সময়ে এর ভেতর দিয়ে অনায়াসেই ঢুকে পড়া যায়। আর জানালা খোলা থাকে মাত্র ভগ্নাংশ সেকেন্ডের জন্য। রদ্রির আসল কাজ হলো ওই ভগ্নাংশের সময় নিয়ন্ত্রণ করা। তবে তিনি এই কাজ ডিফেন্সের পেছনে দাঁড়িয়ে করবেন না, করবেন ডিফেন্স লাইনের অনেকখানিই সামনে দাঁড়িয়ে।
হান্সি ফ্লিকের বার্সেলোনা এই মুহূর্তে ইউরোপের সবচেয়ে উঁচু ডিফেন্সিভ লাইন নিয়ে খেলে। তাদের ব্যাক ফোর অনেক সময় হাফওয়ে লাইনের কাছাকাছি উঠে আসে। ২০২৪-২৫ মৌসুমের পরিসংখ্যান বলছে, তারা ম্যাচপ্রতি গড়ে ৩.১ বার প্রতিপক্ষকে অফসাইডের ফাঁদে ফেলেছিল। লা লিগায় যেখানে অন্যান্য দলের এই গড় ছিল মাত্র ১.৯। বেনফিকা তো এক ম্যাচেই ৯ বার এই ফাঁদে পা দিয়েছিল। ইন্টার মিলানের অবস্থাও ছিল একই, দুই লেগ মিলিয়ে মোট ৯ বার। এমনকি এক এল ক্লাসিকোতে কিলিয়ান এমবাপ্পে একাই ৮ বার অফসাইড হয়েছিলেন।
তবে এই নিখুঁত ফাঁদ এমনি এমনি কাজ করে না। স্প্যানিশ পত্রিকা মুন্দো দেপোর্তিভোর রিপোর্টে জানা যায়, ফ্লিক এবং তার সহকারী হাইকো ভেস্টারমান ট্রেনিং গ্রাউন্ডে বিশাল একটা স্ক্রিন বসিয়েছেন। ডিফেন্ডাররা মাঠে দৌড়ানোর সময় নিজেদের পজিশন ওই স্ক্রিনে দেখতে পান। কে এক পা আগে বাড়িয়ে ফেলল কিংবা কে আধ সেকেন্ড দেরি করল, সবকিছু রিয়েল টাইমে সেখানে ভেসে ওঠে। ভেস্টারমান নিজেও একসময় পেশাদার ডিফেন্ডার ছিলেন, তাই এই সূক্ষ্ম ব্যাপারগুলো তিনি খুব ভালো বোঝেন।
অবশ্য এই ট্র্যাপের চড়া মূল্য আছে। ২০২৪-২৫ মৌসুমের ডেটা ঘাঁটলে দেখা যায়, ১৪ বার প্রতিপক্ষ এই ফাঁদ ভেঙে বেরিয়ে গিয়েছিল। আর প্রতিবারই তৈরি হয়েছিল গোলের নিশ্চিত সুযোগ বা ‘হাই এক্সজি’ (xG) চান্স। কারণ খুব সোজা। একবার ফাঁদ ভাঙতে পারলেই সামনে থাকে শুধু গোলরক্ষক আর বিস্তীর্ণ সবুজ মাঠ।
কিন্তু এই ট্র্যাপ ভাঙে কীভাবে? সিম্পল ধারণা হলো, ডিফেন্ডাররা হয়তো সময়মতো সামনে উঠতে দেরি করেন। তবে মাঠের খেলায় বেশিরভাগ সময় ঠিক উল্টো চিত্রই দেখা যায়। ডিফেন্ডাররা ঠিক সময়েই ওঠেন, কিন্তু প্রতিপক্ষের যিনি পাস দিচ্ছেন, তিনি ঠিক ওই মুহূর্তেই নিখুঁতভাবে বলটা রিলিজ করেন। অফসাইড ট্র্যাপ আসলে এক ধরনের বাজি, আর এই বাজি ধরা হয় প্রতিপক্ষের পাসারের ওপর। ধরে নেওয়া হয় যে চাপের মুখে তিনি তাড়াহুড়ো করবেন, মাথা তুলে ডিফেন্সিভ লাইন দেখার সময় পাবেন না এবং সিদ্ধান্ত নিতে আধ সেকেন্ড দেরি করবেন। লা লিগার বেশিরভাগ দলের বিপক্ষেই এই বাজি দারুণ কাজ করে। কিন্তু ইন্টার মিলান বা পিএসজির মতো চ্যাম্পিয়ন্স লিগের এলিট দলগুলোর বিপক্ষে সেটা খাটে না। কারণ ওই দলগুলোতে এমন কিছু খেলোয়াড় থাকেন, যারা মাথা তুলে মাঠ দেখে নেওয়ার জন্য ঠিকই ওই আধ সেকেন্ড সময় বের করে নেন।
গ্রিক দেবতা কাইরোস এবং ফুটবলের আধ সেকেন্ড
গ্রিক পুরাণে এই মহামূল্যবান আধ সেকেন্ডের জন্য একজন আলাদা দেবতা ছিলেন। তার নাম কাইরোস, দেবতা জিউসের সবচেয়ে ছোট ছেলে। কাইরোস হলেন সঠিক মুহূর্ত বা সুযোগের দেবতা। খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে সিকিয়ন শহরে ভাস্কর লুসিপ্পোস কাইরোসের একটি ব্রোঞ্জ মূর্তি বানিয়েছিলেন। মূর্তিটি এখন আর নেই, তবে তার নিখুঁত বর্ণনা ইতিহাসে রয়ে গেছে। বলা হয়, কাইরোস একটা গোলকের ওপর পায়ের আঙুলে ভর দিয়ে দাঁড়িয়ে থাকতেন। তার দুই পায়ে ছিল ডানা। এক হাতে ক্ষুর, আর সেই ক্ষুরের ধারের ওপর বসানো একটা দাঁড়িপাল্লা। তার মাথার সামনের দিকে একগোছা লম্বা চুল ঝুলত, কিন্তু পেছনের দিকটা ছিল পুরোপুরি ন্যাড়া।
কবি পোসিদিপ্পোস এই মূর্তি নিয়ে দারুণ এক কবিতা লিখেছিলেন। কাইরোসকে তিনি জিজ্ঞেস করেছিলেন, তুমি পায়ের আঙুলে ভর দিয়ে দাঁড়িয়ে আছ কেন? উত্তর ছিল, কারণ আমি সবসময় দৌড়াচ্ছি। পায়ে ডানা কেন? কারণ আমি বাতাসের সাথে উড়ে যাই। মাথার সামনে চুল আর পেছনে ন্যাড়া কেন? উত্তরটা ছিল চমকপ্রদ। যে আমার সামনে পড়বে সে যেন চুল ধরে আমাকে আটকে রাখতে পারে, কিন্তু একবার পাশ কাটিয়ে চলে গেলে পেছন থেকে কেউ আর আমাকে ধরতে পারবে না। ঈশপের গল্পেও বলা আছে, সুযোগ একবার হাতছাড়া হয়ে গেলে স্বয়ং জিউসও তাকে আর ফিরিয়ে আনতে পারেন না।
অফসাইড লাইনের হিসাবও ঠিক কাইরোসের মতোই। বল একবার ডিফেন্স লাইনের পেছনে চলে গেলে পাউ কুবারসি বা আলেহান্দ্রো বালদের মতো তরুণরা যতই জোরে দৌড়ান না কেন, তাতে আর কোনো লাভ হয় না। রিকভারি রান দিয়ে অফসাইড ট্র্যাপ বাঁচানো সম্ভব নয়। ফাঁদ বাঁচাতে হয় পাস দেওয়ার আগেই। আর মাঠে এই কাজ করার একমাত্র জায়গা হলো প্রতিপক্ষের পাসার ঠিক যেখানে দাঁড়িয়ে আছেন তার আশপাশ।
রদ্রির আসল ম্যাজিক
রদ্রির ডিফেন্সিভ পরিসংখ্যানগুলো প্রথম দেখায় বেশ দুর্বল মনে হতে পারে। ২০২২-২৩ মৌসুমে প্রিমিয়ার লিগের বড় দলগুলোর পিভটদের (ডিফেন্সিভ মিডফিল্ডার) মধ্যে তিনি সবচেয়ে কম ট্যাকল করেছিলেন, ম্যাচপ্রতি মাত্র ২.০৭টি। পেপ গার্দিওলা যাকে পৃথিবীর সেরা সেন্ট্রাল মিডফিল্ডার বলেন, তিনি কি না সবচেয়ে কম ট্যাকল করেন! অথচ একই মৌসুমে দলের পজেশন ধরে রেখে সফল ট্যাকল করার দিক থেকে তিনি ছিলেন তিন নম্বরে। তিনি ট্যাকল কম করেন ঠিকই, কিন্তু যেটাই করেন তাতে অন্তত বল হাতছাড়া হয় না।
এর পেছনের কারণ খুবই সাধারণ। রদ্রি বলের দিকে ছোটেন না, তিনি ছোটেন পাসের দিকে।
প্রেস করার সময় এই ঘটনা ধাপে ধাপে ঘটে। ধরুন প্রতিপক্ষের সেন্টার ব্যাক বল পেয়েছেন। তার সামনে তিনটি অপশন থাকে। ডানে ফুল ব্যাককে দেওয়া, বাঁয়ে আরেক সেন্টার ব্যাককে দেওয়া অথবা মাঝখান চিরে সোজা স্ট্রাইকারের পায়ে লম্বা পাস বাড়ানো। বার্সেলোনার জন্য এই তিন নম্বর পাসই সবচেয়ে বিপজ্জনক, কারণ বল সরাসরি ডিফেন্স লাইনের পেছনে গিয়ে পড়ে।
একজন সাধারণ ডিফেন্সিভ মিডফিল্ডার এমন পরিস্থিতিতে সেন্টার ব্যাকের দিকে ছুটে যান। কিন্তু রদ্রি তা করেন না। তিনি নিজের শরীরকে এমন অ্যাঙ্গেলে রাখেন, যাতে মাঝখানের ওই চ্যানেল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে প্রতিপক্ষের সেন্টার ব্যাক মাথা তুলে দেখেন, সোজা পাস দেওয়ার আর কোনো জায়গা নেই। বাধ্য হয়ে তাকে নতুন করে ভাবতে হয়।
এই নতুন করে ভাবার সময়টুকুই হলো রদ্রির আসল ম্যাজিক। এটা মাত্র আধ সেকেন্ডের ব্যাপার। কিন্তু ওই আধ সেকেন্ডের মধ্যেই বার্সেলোনার প্রেসিং সিস্টেম তার ওপর এসে পড়বে। আর প্রেস এসে পড়ার মানেই হলো তিনি আর মাথা তুলে কুবারসির পায়ের অবস্থান দেখার সুযোগ পাচ্ছেন না। তখনই বার্সেলোনার অফসাইড ট্র্যাপ নিখুঁতভাবে কাজ করবে। রদ্রি নিজে অফসাইড ট্র্যাপ বাঁচাবেন না, তিনি বরং অফসাইড ট্র্যাপকে সফলভাবে কাজ করার সুযোগ তৈরি করে দিবেন।
মাঝমাঠে বার্সার শূন্যতা পূরণ
রদ্রির দ্বিতীয় কাজ নিয়ে খুব একটা আলোচনা হয় না। বার্সেলোনার উঁচু ডিফেন্স লাইনের বিপক্ষে প্রতিপক্ষ দলগুলো অনেক সময় মাটিতে খেলা ছেড়েই দেয়। তারা বল আকাশে ভাসিয়ে দেয়। ফলে হাফওয়ে লাইনের আশপাশে সারা ম্যাচেই এরিয়াল বল পড়তে থাকে। প্রথম হেডটা কেউ ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারে না, বল ছিটকে পড়ে। আর ওই ‘সেকেন্ড বল’ বা ছিটকে আসা বল যে দল দখলে নিতে পারে, ম্যাচের নিয়ন্ত্রণও তাদের হাতেই চলে যায়।
রদ্রির উচ্চতা ১ মিটার ৯১ সেন্টিমিটার। ২০২২-২৩ মৌসুমে তিনি ম্যাচপ্রতি গড়ে ২.২৩টি এরিয়াল ডুয়েল জিতেছিলেন। সাফল্যের হার ছিল প্রায় ৬৯ শতাংশ! প্রিমিয়ার লিগে তার ধারেকাছে থাকা মইসেস কাইসেদো জিতেছিলেন মাত্র ১.০৬টি। বার্সেলোনার বর্তমান মিডফিল্ডে এই কাজ করার মতো আসলেই কেউ নেই। পেদ্রি ক্রিয়েটর, গাভি প্রেস করেন, আর মার্ক বের্নাল তো একেবারেই তরুণ। ফ্রেঙ্কি ডি ইয়ং বিশ্বকাপে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে বসে আছেন, তাই মৌসুমের শুরুতে তাকে পাওয়া যাচ্ছে না। মার্ক কাসাদোও ক্লাব ছাড়ার পথে। তাই রদ্রিই এখানে ভরসা।
তার তৃতীয় কাজ হলো বার্সেলোনার আক্রমণের সময়। ফ্লিকের দল যখন বল নিয়ে সামনে ওঠে, দুই ফুল ব্যাক তখন বেশ ওপরে অবস্থান করেন। লামিন ইয়ামাল ডানদিকে চওড়া হয়ে দাঁড়ান, বাঁয়ে বালদে ওভারল্যাপ করেন। পেছনে তখন থাকেন মাত্র দুই সেন্টার ব্যাক এবং একজন মিডফিল্ডার। ফুটবলের ভাষায় এই কাঠামোর নাম ‘রেস্ট ডিফেন্স’। বল হারানোর ঠিক পরের ৫ সেকেন্ড এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ সাধারণত মাঝখান দিয়েই পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা করে, কারণ এটাই সবচেয়ে ছোট রাস্তা। কিন্তু ওই মাঝখানে যদি রদ্রির মতো লম্বা একজন মানুষ ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকেন, প্রতিপক্ষ বাধ্য হয়ে বাইরে দিয়ে ঘুরে আসবে। আর ওই বাইরে দিয়ে ঘুরে আসতে যে বাড়তি কয়েক সেকেন্ড সময় লাগবে, ঠিক তার মধ্যেই বার্সার বাকি খেলোয়াড়রা নিজেদের জায়গায় ফিরে আসার সুযোগ পেয়ে যাবে।
বুস্কেৎস নন, তার চেয়েও বেশি কিছু
রদ্রির আসাকে অনেকেই সার্জিও বুস্কেৎসের ফেরার সাথে তুলনা করছেন। বলছেন, বার্সেলোনার সেই পুরোনো পিভট ঐতিহ্যের প্রত্যাবর্তন হলো। কিন্তু সত্যি বলতে, রদ্রি কোনোভাবেই বুস্কেৎস নন। আর হান্সি ফ্লিকের বার্সেলোনার নতুন করে কোনো বুস্কেৎস দরকারও নেই।
২০১৭ সাল থেকে ইউরোপের শীর্ষ পাঁচটি লিগ মিলিয়ে এমন মৌসুম এসেছে মাত্র আটবার, যেখানে একজন খেলোয়াড় একই মৌসুমে অন্তত ৯০টি ট্যাকল ও ইন্টারসেপশন করেছেন, ৯০ শতাংশের বেশি পাস সফল করেছেন এবং অন্তত ২৫০টি প্রোগ্রেসিভ পাস দিয়েছেন। অবিশ্বাস্য হলেও সত্যি, ওই আটবারের মধ্যে তিনবারই এই কীর্তি গড়েছেন রদ্রি। বাকি পাঁচ মৌসুমে অন্যান্য খেলোয়াড়রা সবাই মিলে করেছেন ২টি নন-পেনাল্টি গোল এবং ১২টি অ্যাসিস্ট। সেখানে রদ্রি একা তার তিন মৌসুমে করেছেন ১৭টি নন-পেনাল্টি গোল এবং ১৭টি অ্যাসিস্ট।
যে লোক বল কেড়ে নেন, নিখুঁত পাস দেন এবং সবসময় বল সামনে বাড়ান, তিনি সাধারণত গোল করেন না। কিন্তু রদ্রি সেটাও করেন। ফ্লিকের বার্সেলোনা এমন কাউকে চায় না যে শুধু পেছনে বল ঘোরাবে। তারা এমন একজনকে চায়, যে ডিফেন্সের কাজ শেষ করেই বল সোজা সামনে পাঠাতে পারবে।
চ্যাম্পিয়ন্স লিগ
বার্সেলোনা গত দুই মৌসুমে টানা লা লিগা জিতেছে। কিন্তু ওই একই দুই মৌসুমে তারা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছে। একবার সেমিফাইনালে ইন্টারের কাছে ৭-৬ অ্যাগ্রিগেটে, আরেকবার কোয়ার্টার ফাইনালে আতলেতিকো মাদ্রিদের কাছে ৩-২ অ্যাগ্রিগেটে। ৩০ বছর বয়সী একজন ইনজুরিপ্রবণ খেলোয়াড়ের পেছনে চার বছরের চুক্তিতে এত বিশাল অঙ্কের টাকা ঢালার মানে, শুধু ৩৮টা লিগ ম্যাচের জন্য তাকে কেনা নয়। বার্সেলোনা এই বিশাল অঙ্কের চেক লিখেছে মূলত চ্যাম্পিয়ন্স লিগ রাতগুলোর জন্য। যখন প্রতিপক্ষের সেন্টার ব্যাক মাথা তুলে কুবারসির পা দেখে নেওয়ার জন্য সেই মহামূল্যবান আধ সেকেন্ড সময় পেয়ে যায়, তখন রদ্রিকে আনা হয়েছে ঠিক ওই আধ সেকেন্ড সময়টুকু কেড়ে নেওয়ার জন্যই।
আমি