মূল লেখায় যান
রাইসুল সোহান
সব লেখা

যে রাতে ক্যানাভারো হয়ে উঠেছিলেন ‘ফ্যালাংক্স’ যোদ্ধা!

ফুটবল

আমস্টারডাম অ্যারেনার ঘড়িতে তখন মাত্র ৩৪ মিনিট। ইতালির জিয়ানলুকা জাম্ব্রোত্তার সামনে রেফারি তুলে ধরলেন লাল কার্ড (সেকেন্ড ইয়েলো)। অপরাধ এমন আহামরি কিছু ছিল না, বাউদেভাইন জেন্ডেনের পথ আটকে দাঁড়িয়েছিলেন শুধু। ম্যাচের ১৪ মিনিটেই এই জেন্ডেনকে ফাউল করেই প্রথম হলুদ কার্ডটা দেখেছিলেন তিনি!

ইউরো ২০০০-এর সেমিফাইনাল, প্রতিপক্ষ স্বাগতিক নেদারল্যান্ডস। বাকি ৫৬ মিনিট, আর তার সাথে সম্ভাব্য এক্সট্রা টাইমের আরও ৩০ মিনিট, এই পুরো সময় ইতালিকে খেলতে হবে ১০ জন নিয়ে! লাল কার্ডের হিসাব তো সোজা, মাঠ থেকে একজন খেলোয়াড় কমে যাওয়া। কিন্তু ওই মুহূর্তে দিনো জফের দল শুধু একজন খেলোয়াড় হারায়নি, হারিয়েছিল তাদের পুরো ডান পাশ।

জফের ইতালির ফর্মেশন ছিল ৩-৫-২। পেছনে ক্যানাভারো, নেস্তা আর ইউলিয়ানোর দুর্গ, আর দুই উইং-ব্যাকে জাম্ব্রোত্তা ও পাওলো মালদিনি। উইং-ব্যাকদের কাজ তো ডাবল! বল পায়ে থাকলে উইঙ্গার, আর প্রতিপক্ষের পায়ে গেলে ফুল-ব্যাক। জাম্ব্রোত্তা মাঠ ছাড়ার পর ইতালির ডান পাশ হয়ে পড়ল পুরোপুরি অরক্ষিত।

উপায় না দেখে জফ ফর্মেশন বদলে করলেন ৪-৪-১। মালদিনি উইং-ব্যাক থেকে নেমে এলেন লেফট-ব্যাকে। ব্যাক থ্রি ভেঙে হলো ব্যাক ফোর, আর সেই ডিফেন্স লাইনের ডান পাশের গুরুভার পড়ল ফাবিও ক্যানাভারোর কাঁধে। সামনে তখন একা ফিলিপ্পো ইনজাঘি, আর তার ডানদিকে রাইট মিডফিল্ডে আলেসান্দ্রো দেল পিয়েরো।

ফুটবলের ব্যাকরণে ফুল-ব্যাকরা সাধারণত একা ডিফেন্ড করেন না, সামনের উইঙ্গারের সাথে জুটি বেঁধে কাজ করেন। প্রতিপক্ষ উঠে এলে উইঙ্গার নিচে নেমে আসেন, দুজন মিলে ক্রসিংয়ের পথ বন্ধ করেন। কিন্তু দেল পিয়েরো তো সেই জাতের খেলোয়াড় নন! তিনি আদ্যোপান্ত নাম্বার টেন, দলের ডিফেন্ডিংয়ের সময় তার কাজ উপরেই থাকা। ফলে ক্যানাভারো পড়ে গেলেন মহা বিপাকে।

এই পরিস্থিতি অনেকটা প্রাচীন গ্রিসের হপলাইট সৈন্যদের মতো। তারা ‘ফ্যালাংক্স’ নামের সারিতে পাশাপাশি দাঁড়িয়ে যুদ্ধ করত। বাঁ হাতে ঢাল, ডান হাতে বর্শা। নিজের বাঁ পাশ ঢালে ঢাকা পড়ত, কিন্তু ডান পাশ থাকত উন্মুক্ত। সেটা ঢাকতে হতো ঠিক ডানপাশে দাঁড়ানো সহযোদ্ধার ঢাল দিয়ে। অর্থাৎ, নিজের ডান পাশের নিরাপত্তার জন্য পাশের মানুষের ওপর অন্ধ বিশ্বাস রাখতে হতো। ইতিহাসবিদ থুকিদিদিস মান্তিনিয়ার যুদ্ধের বর্ণনায় লিখেছিলেন, সৈন্যরা এগোতে থাকলে পুরো সারিই ধীরে ধীরে ডানদিকে সরে যেত। কারণ অবচেতনভাবেই সবাই নিজের ডান পাশ পাশের জনের ঢালের আড়ালে রাখতে চাইত।

জাম্ব্রোত্তা মাঠ ছাড়ার পর ইতালির ডিফেন্স লাইনেও ঠিক এই ঘটনাই ঘটল, তবে এবার সেটা জফের নির্দেশেই। মালদিনি বাঁ পাশে সরে এলেন, নেস্তা আর ইউলিয়ানোও একটু একটু করে ডান পাশে ঘেঁষলেন। আর ক্যানাভারো গিয়ে দাঁড়ালেন লাইনের একেবারে বাইরের প্রান্তে। তার ডান পাশে তখন আর কেউ নেই, যাকে ভরসা করা যায়।

কিন্তু ১০ জন নিয়ে কি আর পুরো একপাশ আটকে রাখা যায়? ক্যানাভারো সেই চেষ্টাও করেননি। ইতালি যেন ডাচদের রীতিমতো আমন্ত্রণ জানাল, ‘তোমরা টাচলাইন ধরে খেলো।’ ওভারমার্স, জেন্ডেন বা ফন ব্রঙ্কহর্স্ট, যে-ই বাইরে দিয়ে উঠে আসুক না কেন, ইতালি বাধা দেয়নি। এমনকি ক্রসও তুলতে দিয়েছে অনায়াসে। কারণ ইতালির আসল নজর ছিল বক্সের ভেতর। সেখানে নেস্তা, ইউলিয়ানো আর স্বয়ং মালদিনি পাহারায়। বল বাতাসে ভাসলেও ইতালির ভয় পাওয়ার কিছু ছিল না।

ক্যানাভারোর আসল কাজ ছিল ভেতরের দিকে। ফুল-ব্যাক আর সেন্টার-ব্যাকের মাঝখানের সরু ‘হাফ-স্পেস’ বা চ্যানেল দিয়েই তো বিপদের শুরু হয়। ক্যানাভারো যদি উইঙ্গারের পেছনে টাচলাইন পর্যন্ত ধাওয়া করতেন, তবে ওই চ্যানেল একেবারে হাঁ হয়ে যেত। আর সেই ফাঁক গলে ক্লুইভার্ট বা ডেনিস বার্গক্যাম্প ঢুকে পড়লে ১০ জনের ইতালির কফিনে পেরেক ঠোকা হয়ে যেত। ক্যানাভারো তাই ফাঁদে পা দেননি। তিনি বাইরে ক্রস তুলতে দিয়েছেন, কিন্তু নেস্তার সাথে নিজের দূরত্ব এক চুলও বাড়তে দেননি।

ডাচদের একজন খেলোয়াড় বেশি ছিল ঠিকই, কিন্তু সেই বাড়তি খেলোয়াড়ের অবস্থান ছিল মাঠের এমন বাইরের দিকে, যেখানে ইতালির আসলে কিছু যায় আসেই না! টাচলাইনের পাশের ডাচ খেলোয়াড় যতক্ষণ বাইরে আছে, তার সামনে মূলত ফাঁকা মাঠ। বিপদ তখন, যখন সে বল নিয়ে ভেতরে কাট করবে। ওই ঢোকার মুখেই চারজন ইতালিয়ান ডিফেন্ডার পাথরের মতো দাঁড়িয়ে ছিলেন, আর তাদের ঠিক সামনে ঢাল হয়ে ছিলেন দেমেত্রিও আলবার্তিনি ও লুইজি দি বিয়াজিও।

ম্যাচ ১২০ মিনিট গড়িয়েছিল। প্রায় পুরো সময় বল ডাচদের পায়ে থাকলেও তাদের সবচেয়ে পরিষ্কার সুযোগ দুটো এসেছিল ইতালির নিজেদেরই ভুলে। ৩৮ মিনিটে বক্সে ক্লুইভার্টের জার্সি টেনে ধরে পেনাল্টি উপহার দেন নেস্তা। কিন্তু ফ্রাঙ্ক ডি বোয়ারের শট বাঁ দিকে ঝাঁপিয়ে অবিশ্বাস্যভাবে ঠেকিয়ে দেন ফ্রান্সেসকো তোলদো। কিছুক্ষণ পর এডগার ডেভিডসকে ফাউল করে বসেন ইউলিয়ানো। আবারও পেনাল্টি! এবার ক্লুইভার্টের শট তোলদোকে ফাঁকি দিলেও ফিরে আসে পোস্টে লেগে।

আর তোলদো এই টুর্নামেন্টে খেলছিলেন একেবারেই ভাগ্যের ফেরে! ইউরোর ঠিক আগে এক প্রীতি ম্যাচে হাত ভেঙে বসেন জিয়ানলুইজি বুফন। এর আগেই আবার বুফনের ব্যাকআপ হতে রাজি না হয়ে স্কোয়াড ছেড়েছিলেন আঞ্জেলো পেরুজ্জি। ফলে থার্ড চয়েস কিপার তোলদো সরাসরি হয়ে গেলেন ইতালির নাম্বার ওয়ান, আর সেই রাতেই হয়ে উঠলেন দলের ত্রাতা।

ম্যাচের ৭৭ মিনিটে ডাচ কোচ ফ্রাঙ্ক রাইকার্ড বাধ্য হয়ে জেন্ডেনকে তুলে নেন। যে জেন্ডেন ম্যাচের প্রথম আধঘণ্টায় ইতালির ডান দিককে প্রায় অকেজো করে দিয়েছিলেন, সেই তাকেই মাঠ ছাড়তে হলো ওই দিক থেকে কোনো সুবিধা আদায় করতে না পেরেই। ক্যানাভারোর ট্যাকটিক্যাল মাস্টারমাইন্ডের কাছে হার মানতে হয়েছিল তাকে।

সেদিন ২৬ বছর বয়সী ক্যানাভারো খেলতেন পার্মায়। সেন্টার-ব্যাক হিসেবে খুব একটা লম্বা তিনি ছিলেন না, বাতাসে বলের লড়াইও তার প্রধান অস্ত্র ছিল না। তার জাদুকরী ক্ষমতা ছিল দ্রুত পজিশন বদলানো, পেছনের ভুল শুধরে দেওয়া আর ‘ওয়ান-ভি-ওয়ান’ পরিস্থিতিতে হার না মানা। সেন্টার-ব্যাকরা সাধারণত সামনের দিক সামলান, কিন্তু ক্যানাভারো পাশের দিক সামলাতেই বেশি পটু ছিলেন। আমস্টারডামের সেই রাতে ৮৬ মিনিট ধরে তাকে ঠিক ওই অসাধ্য সাধনই করতে হয়েছিল।

এই টুর্নামেন্টের পরই মালদিনি জাতীয় দল ছাড়েন, ইতালির আর্মব্যান্ড ওঠে ক্যানাভারোর হাতে। ছয় বছর পর বার্লিনে এই ক্যানাভারোর হাতেই ওঠে বিশ্বকাপ, জেতেন ব্যালন ডি’অর। আজও তিনি ব্যালন ডি’অর জয়ী শেষ ডিফেন্ডার।

তবে আমস্টারডামের ওই রাতের সবচেয়ে বড় আইরনি অন্য জায়গায়। ১২০ মিনিটের খেলায় ওপেন প্লে-তে প্রতিপক্ষের ডিফেন্স চিরে কিপারের সামনে একা যাওয়ার সুযোগ ডাচরা পায়নি, পেয়েছিল ওই ১০ জনের ইতালিই! তাও একবার নয়, দু-দুবার। মার্কো দেলভেকিওর সেই দুটি শট এডউইন ফন ডার সার পা দিয়ে না ঠেকালে হয়তো গল্পটা ডাচদের জন্য আরও অনেক বেশি হতাশার হতে পারত।

অন্যদেরও পড়তে দিন

English