মূল লেখায় যান
রাইসুল সোহান
সব লেখা

শেষবারের মতো নয়

মেসি

আসর ভাঙার পর শিল্পীকে আবার মঞ্চে ডাকতে নেই, এ এক পুরোনো ভদ্রতা। যে ওস্তাদ জীবনের শ্রেষ্ঠতম রাগ একবার সম্পূর্ণ বাজিয়ে ফেলেছেন, শ্রোতা তাঁকে সসম্মানে ছুটি দেয়। বলে, থাক, আর পরিশ্রম করবেন না; আমরা যা পাওয়ার, পেয়ে গেছি। ২০২২ এর ডিসেম্বরে লুসাইলের মঞ্চে লিওনেল মেসি ঠিক সেই রাগই বাজিয়েছিলেন, যার পর পর্দা নামানোই দস্তুর। বহু রাত জেগে বসে থাকা কোটি শ্রোতা সেই রাতে টের পেয়েছিল, তাদের ভেতরের অনেক দিনের একটা অসম্পূর্ণতাও যেন পূর্ণ হলো। আসর ভেঙেছিল নিখাদ আনন্দে।

তবু শিল্পী নাছোড়। বিদায়ী প্রণামের ভঙ্গিতে হাত তুলেও তিনি মঞ্চ থেকে নামলেন না। এবং নামলেন না এমন এক কালে, যখন গোটা দুনিয়া অভ্যস্ত পনেরো সেকেন্ডের ঝলকে। যে যুগে একটা আস্ত রাগ স্থির হয়ে শোনার ধৈর্য প্রায় কারও অবশিষ্ট নেই, সেই যুগেই এক বুড়ো ওস্তাদ জানালেন, আরেক আসর এখনও বাকি। কেউ তাঁর কাছে এই বাড়তি আসর চায়নি। ব্যর্থ হলে ইতিহাস তাঁকে কাঠগড়ায় তুলবে কি না, সেই আশঙ্কাও যেন তাঁকে স্পর্শ করল না।

আমরা যারা দুই দশক ধরে তাঁকে দেখছি, আমরা জানি, এই নাছোড় ভাবটাই আসলে মেসি। ট্রফি নয়, লোকটা ভালোবাসেন খেলাকেই; আর ভালোবাসেন বলেই ভেতরের রাগ ফুরিয়ে না যাওয়া পর্যন্ত তাঁর থামার কোনো উপায় নেই।

গ্রুপপর্বটা কেটেছিল স্বপ্নের মতো। প্রথম ম্যাচেই হ্যাটট্রিক, তিন ম্যাচে তিন জয়। আসল ঝড়টা উঠল নক-আউটে এসে, আর সেই ঝড়ে বারবার মনে হলো, এই বুঝি শেষ আসর মাঝপথেই থেমে যায়।

নক-আউটের প্রথম ধাপে সামনে ছোট্ট এক দ্বীপরাষ্ট্র, কেপ ভার্দে, যাদের নাম টুর্নামেন্টের আগে অনেকেই শোনেনি। মায়ামির গরমে সেই দলই বিশ্বচ্যাম্পিয়নদের টেনে নিয়ে গেল ইতিহাসের সবচেয়ে বড় অঘটনের কিনারায়। ঊনত্রিশ মিনিটে অবশ্য বুড়ো ওস্তাদ নিজেই তুলে নিলেন মূল সুর। লিসান্দ্রো মার্তিনেসের বাড়ানো লম্বা বলটা বাঁ পায়ের বাইরের দিক দিয়ে এক টোকায় বশে এনে, ছুটে-আসা গোলরক্ষক ভোজিনিয়ার মাথার ওপর দিয়ে বলটাকে যেভাবে আলতো করে জালে রাখলেন, তাতে সময় যেন এক লহমার জন্য থমকে দাঁড়াল। কিন্তু দ্বীপের ছেলেরা দুবার সমতা ফেরাল, ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে। শেষমেশ একশো এগারো মিনিটে মেসিরই বাঁকানো একটা কর্নার থেকে এল জয়সূচক গোল। ওস্তাদ তখনও একক সুর বাজাচ্ছেন, নিজের হাতেই।

কিন্তু পরের আসরেই ওস্তাদের হাত কেঁপে গেল। মিশরের বিপক্ষে শুরুতেই একটা পেনাল্টি নষ্ট করলেন, গোটা টুর্নামেন্টে দ্বিতীয়বার। প্রায় এক ঘণ্টা তাঁকে ম্লান, নিষ্প্রভ ঠেকল; পাস আটকে যায়, বল হারিয়ে যায় পায়ের তলা থেকে। মিশর দুই গোলে এগিয়ে গেলে মনে হলো, রাজত্বটা বুঝি এখানেই শেষ। তারপর, শেষ এগারো মিনিটে, ছাইচাপা আগুন আবার জ্বলে উঠল। রোমেরোকে দিয়ে এক গোল করালেন, নিজে সমতা ফেরালেন এক তীব্র শটে যেটা ক্রসবারে লেগে জালে ঢুকল, আর যোগ করা সময়ে এনসো ফের্নান্দেসের জয়সূচক হেডও তৈরি হলো তাঁরই পা ঘুরে। ম্যাচ শেষে দেখা গেল, লোকটা কাঁদছেন। ভুল সুর তুলে ফেলা ওস্তাদ যেভাবে নিজেকে শুধরে নেন, মেসিও তেমনি সেই রাতে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করলেন।

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড। এবার আর নিজে সুর তোলা নয়, ওস্তাদ যেন গোটা অর্কেস্ট্রা পরিচালনা করলেন। একটা কর্নার বাড়ালেন, আর ভিড়ের ভেতর সবচেয়ে বেঁটে মানুষটা, আলেক্সিস মাক আলিস্তার, লাফিয়ে উঠে মাথা ছুঁইয়ে দিলেন বলে। এক বিতর্কিত লাল কার্ডে সুইসরা দশ জন হয়ে গেলে বাকি সময় খেলা রইল আর্জেন্টিনার হাতে; অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেসের এক দুর্দান্ত গোল আর লাউতারো মার্তিনেসের ফিনিশে ইতি। বুড়ো তখন পেছন থেকে তরুণদের হাতে তুলে দিচ্ছেন নোটগুলো, আর তরুণেরা সেগুলো বাজিয়ে যাচ্ছে।

আর সেমিফাইনালে, ইংল্যান্ডের বিপক্ষে, ওস্তাদ একটা গোলও করলেন না। একটাও না। তবু গোটা আসর বাজল তাঁরই ইশারায়। অ্যান্থনি গর্ডনের গোলে ইংল্যান্ড যখন এগিয়ে, শেষ পাঁচ মিনিটে সব যখন ফুরিয়ে আসছে, তখন পঁচাশি মিনিটে এনসোর দূরপাল্লার সমতাসূচক শট তৈরি হলো মেসির পা থেকে; আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দূরের পোস্টে তাঁর দূর্বলতম ডান পা থেকে মাপা এক ক্রসে মাথা ছুঁইয়ে লাউতারো এনে দিলেন জয়। দুই গোলেই জোগানদার তিনি। তরুণেরা যেখানে গায়ের জোরে একশো নোট ছড়ায়, প্রবীণ সেখানে কেবল ঠিক ক-টা সুর বেঁধে দেন, আর তাতেই আসর জমে ওঠে।

গোটা নক-আউট জুড়ে ওস্তাদ ধীরে ধীরে বদলে গেছেন। প্রথম দিকে নিজে গোল করেছেন, শেষ দিকে করিয়েছেন। সংখ্যাও তাই বলে: কোনো কোনো ম্যাচে তাঁর দৌড় কমেছে, বল ছোঁয়া কমেছে, অথচ ঠিক দরকারের মুহূর্তে তিনিই সব সাজিয়ে দিয়েছেন। বাজান কম, থামেন বেশি, আর সেই থামার ভেতরেই লুকিয়ে থাকে পরের সুরের ওজন। আমরাও তো এই ক-বছরে খানিক বুড়িয়েছি তাঁরই সঙ্গে; তাই ওই ধীরগতি আমাদের চোখে অপরাধ নয়, বরং মনে হয়, আমাদেরই হাঁটার গতি।

আর এবার, শেষ আসরে, সামনে স্পেন। সেই স্পেন, গোটা টুর্নামেন্টে যারা হজম করেছে মোটে একট গোল, যাদের রক্ষণ প্রায় দুর্ভেদ্য। কিন্তু আসল গল্প অন্য জায়গায়। স্পেনের হয়ে মঞ্চে উঠবে আঠারো বছরের লামিন ইয়ামাল, এ যুগের সবচেয়ে ঝলমলে তরুণ বাদক। প্রায় কুড়ি বছর আগে এক দাতব্য অনুষ্ঠানে শিশু ইয়ামালকে কোলে নিয়ে ছবি তুলেছিলেন তরুণ এক মেসি। কে জানত, সেদিনের সেই কোলের শিশুই একদিন বিশ্বকাপ ফাইনালে তাঁর প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে? দুই প্রজন্মের এই মুখোমুখি হওয়া আসলে গোটা সময়েরই একটা তর্ক: তীব্র গতির চটজলদি ঝলক জিতবে, নাকি ধীর, মাপা, ধৈর্যের সেই পুরোনো ঘরানা?

এমন এক সময়ে এই আসর, যখন চারপাশে কেবল হট্টগোল, তাড়াহুড়ো আর বিভাজন। কোলাহলে মত্ত দুনিয়ার তখন ভীষণ দরকার ছিল স্থির, ধীর, সুন্দর কিছুর, যার চারদিকে সবাই একসঙ্গে বসতে পারে। আর এই একটামাত্র আসরেই তো কোনো টিকিট লাগে না। রাতের পালা শেষে ঘরে ফেরা ক্লান্ত শ্রমিক, বিদ্যুৎহীন গ্রামে ফাটা কাচের ফোনে চোখ রাখা কিশোর, ঘর থেকে বহু দূরে পড়ে থাকা কোনো মানুষ, সবচেয়ে গরিব শ্রোতাও এখানে সামনের সারিতে বসার অধিকার পায়। ভিন্ন ভিন্ন মহাদেশের কত অচেনা মানুষ আজ একই সুরের দিকে কান পেতে আছে; কে কোন দলের সমর্থক, সেই হিসেব যে কখন অর্থহীন হয়ে গেছে, টেরও পাওয়া যায়নি।

ওস্তাদ কখনও মালার লোভে বাজান না। তিনি বাজান, কারণ রাগ তাঁর ভেতরে এখনও শেষ হয়নি। আর মাত্র একটা রাত পেরোলেই মেটলাইফের সবুজ ঘাসে দাঁড়িয়ে তিনি হয়তো জিতবেন, হয়তো হারবেন। জিতলে টানা দুটো বিশ্বকাপ হাতে নিয়ে দাঁড়াবেন এমন এক জায়গায়, কল্পনাও যেখানে গিয়ে হাঁপিয়ে থামে।

আর যদি হেরে যান? তবু তেমন কিছু হারায় না। কারণ আসর ভাঙার পরেও যা রয়ে যায়, তার নাগাল কোনো ফলাফলের নেই। যে সুর একবার বাতাসে ছড়িয়ে পড়েছে, তাকে আর গুটিয়ে নেওয়া যায় না; রাগ একবার বেজে উঠলে সে আর বাদকের থাকে না, হয়ে ওঠে শ্রোতার। মালা হয়তো তাঁকে ফিরিয়ে দেবে, কিন্তু আজ যে সুর বেজেছে, তা আমাদের বুকের ভেতরে বাজতেই থাকবে, কোনোদিন না থেমে।

অন্যদেরও পড়তে দিন

English